logo

বাড়ি থেকে ডেকে নিয়ে মাদ্রাসাছাত্রকে হত্যা, ধানক্ষেতে মিলল মরদেহ

বাড়ি থেকে ডেকে নিয়ে মাদ্রাসাছাত্রকে হত্যা, ধানক্ষেতে মিলল মরদেহ
ছবি: এশিয়া পোস্ট

নোয়াখালীর সুবর্ণচরে মো. নাঈম হোসেন (১৫) নামের এক মাদ্রাসাছাত্রকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বুলু নেতার সমাজ এলাকার একটি ধানক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

নিহত নাঈম স্থানীয় বাসিন্দা এবাইদুল্লার মেয়ের ঘরের নাতি এবং একই এলাকার খলিল উল্যার ছেলে। সে কাঞ্চন বাজারসংলগ্ন একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। ৩ বছর আগে তার মা ফাতেহা আক্তার সুমি ও তার বাবার তালাক হয়ে যায়। সে নানার বাড়িতে বসবাস করত।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সোমবার রাত ১টার দিকে কে বা কারা নাঈমকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। সকালে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ধানক্ষেতে নাদিমের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে চরজব্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের স্বজনদের দাবি, নাঈমকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলায় আঘাত করে হত্যা করা হয়েছে। পরে লাশ ধানক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।