logo
Advertisement

সন্দ্বীপে পুলিশ সদস্যকে অপহরণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,চট্টগ্রাম
সন্দ্বীপে পুলিশ সদস্যকে অপহরণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার ১
চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার হওয়া আব্দুল করিম। ছবি: আইনশৃঙ্খলা বাহিনীর সৌজন্যে

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় জামাল নামে পুলিশের এক কনস্টেবলকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে আব্দুল করিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার রাত ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাট এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সদস্য জামাল ও আব্দুল করিম একই এলাকার বাসিন্দা। চাঁদা দাবির ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় কয়েকটি সূত্র জানায়, মুছাপুর ইউনিয়নের নির্জন এলাকা হিসেবে পরিচিত ‘ধাম’ কেন্দ্র করে একটি চক্র দীর্ঘদিন ধরে অপহরণ, আটকে রাখা, মারধর ও জিম্মি করে অর্থ আদায়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

এলাকাটিতে কনস্টেবল জামালের মতো আরও কয়েকজনকে অপহরণ করে নিয়ে গিয়ে ইয়াবা হাতে ধরিয়ে দেওয়া এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ব্ল্যাকমেইল করার অভিযোগও স্থানীয়ভাবে উঠেছে।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, জামালের কাছে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার হওয়া আব্দুল করিমের বিরুদ্ধে গত বছর পিডিবির সাবেক ঠিকাদার মিলাদুদ্দিন মুন্নাকে ‘ধাম’ এলাকা থেকে তুলে নিয়ে মারধর, টাকা দাবি এবং তার সঙ্গে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তখন তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছিল।

সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার জানান, কনস্টেবল জামালকে অপহরণের ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।