জমির বিরোধে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জমিসংক্রান্ত পূর্বশত্রুতার জেরে এক বীর মুক্তিযোদ্ধা মো. অহিদুজ্জামান নাইমের (৭৫) ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন তিনি। এ ঘটনায় করা মামলার এজাহারনামীয় আসামি পারভেজকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে গজারিয়া থানাধীন বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের মিয়ামী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশে এ হামলার ঘটনা ঘটে। জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ১০-১৫ জনের একটি সশস্ত্র দল অহিদুজ্জামান নাইমকে ঘিরে ধরে প্রথমে গালিগালাজ করে এবং একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে।
অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সালিশ বৈঠক শেষে একা অবস্থায় থাকাকালে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় নেতৃত্ব দেন স্থানীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক তুহিন প্রধান। হামলাকারীরা লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় প্রেরণ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার একটি হাত ও একটি পা ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে ১০ জনকে এজাহারভুক্ত আসামি এবং আরও ৫-৭ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে গজারিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
ঘটনার সঙ্গে সরাসরি জড়িত এজাহারনামীয় আসামি পারভেজকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ বিষয়ে অভিযুক্ত তুহিন প্রধানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে।