সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে সিলেট অঞ্চলে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা ৬০ জনে পৌঁছেছে।
শনিবার (৩০ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, মৃত ৬০ শিশুর মধ্যে চারজনের হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন সিলেটের ওসমানীনগর উপজেলার ছয় মাস বয়সি। সে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। অন্যজন জকিগঞ্জ উপজেলার আট মাস বয়সি। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টা নতুন করে হামের উপসর্গ নিয়ে ৪১ জন শিশুকে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগীর শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়নি। যদিও ১ মার্চ থেকে এখন পর্যন্ত বিভাগে ১৬৫ জনের শরীরে হাম বা রুবেলার সংক্রমণ নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ।
আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জে সবচেয়ে বেশি ৮৬ জন। এ ছাড়া সিলেট জেলায় ৪২ জন, হবিগঞ্জে ২১ জন এবং মৌলভীবাজারে ১৬ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজনের শরীরে রুবেলার সংক্রমণও শনাক্ত হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৩৭ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৯ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৮ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১১ জন রয়েছে। বাকি রোগীরা বিভিন্ন উপজেলা ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
