logo

ভূমি খাতের হয়রানি বন্ধে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর

ভূমি খাতের হয়রানি বন্ধে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর

ভূমিসংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূরীকরণে উন্নত দেশের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজশাহী নগরীর সাগরপাড়ায় অবস্থিত একটি কমিউনিটি সেন্টারে রাজশাহীর সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মন্ত্রী তার পরিকল্পনার কথা জানান।

ভূমি মন্ত্রাণালয়কে জটিল উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা অনিয়ম করেছে তাদের আইনের আওতায় আনা এবং নতুন করে আনিয়ম রোধ করার বিষয়ে কাজ করা হচ্ছে। ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে ভোগান্তির শিকার হয় সারা বাংলাদেশের মানুষ। এর থেকে মুক্ত করাটা জরুরি হয়ে পড়েছে। 

ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের উদ্দেশ্য হবে যাতে কেউ হয়রানির শিকার না হয়। ওয়ান স্টপ সেন্টারের মাধ্যমে যার জমি যার সমস্যা সে বলবে। তার পর তাকে আর ৫-৬টা ধাপ যেতে হবে না। এর পর ওয়ান স্টপ সেন্টার থেকেই কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। ডিসি অফিসের পাশেই এই সেবা চালু করা হবে। মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয়। আইন অনুযায়ী নির্দেশনা দেওয়া হচ্ছে। কিছু কিছু জায়গায় সংশোধনীর প্রয়োজন হলে পার্লামেন্টে উত্থাপন করা হবে এবং ১৫ দিনের মধ্যে কার্যকর করা হবে।

এ সময় তিনি আরও বলেন, রাজশাহীবাসীর প্রত্যাশা পূরণে কর্মসংস্থান সৃষ্টিতে আইটি সেক্টরের উন্নয়নসহ উত্তরে শিল্পঘন পরিবেশ তৈরি করা হবে। যে যাই রাজনীতি করি না কেন রাজশাহীর স্বার্থে আমরা সবাই এক জায়গায়। দেশ আমাদের সবার। উন্নয়নের স্বার্থে আমরা সবাই এক জায়গায়।

নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠনের সদস্যদের জামিনের পর পুনরায় গ্রেপ্তার প্রসঙ্গে রাজশাহী রেঞ্জের ডিআইজির দেওয়া নির্দেশনা ও পুলিশ হত্যার ঘটনায় মামলা নিয়ে সিদ্ধান্তের বিরুদ্ধে এনসিপির হুঁশিয়ারি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। প্রশাসনের এক একটা উইং এক একটা মন্ত্রণালয়ের আওতায় চলে। তাছাড়া এসব বিষয়ে কথা বলার জন্য সরকারের মুখপাত্র আছে তথ্যমন্ত্রী এবং আমাদের দলের মুখপাত্র রয়েছে। তারা এসব বিষয়ে কথা বলবেন।