logo

সেনাসদস্য পরিচয়ে চাঁদা দাবি, ওয়াকিটকি-পোশাকসহ গ্রেপ্তার ২

সেনাসদস্য পরিচয়ে চাঁদা দাবি, ওয়াকিটকি-পোশাকসহ গ্রেপ্তার ২
গ্রেপ্তার ইমরান আহমেদ ও মাসুম আহমদ। ছবি : এশিয়া পোস্ট

মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে নারী উদ্যোক্তা মেলার স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বাওফেং ব্র্যান্ডের ওয়াকিটকি সেট, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ একটি প্যান্ট ও একটি টি-শার্ট, তিনটি আইডি কার্ডের ছবি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সামছুদ্দিন মিয়ার ছেলে ইমরান আহমেদ (২০) এবং বিল্লাল মিয়ার ছেলে মাসুম আহমদ (১৯)।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ওই দুজন মৌলভীবাজার পৌরসভার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে চলমান নারী উদ্যোক্তা মেলায় প্রবেশ করেন। পরে তারা বিভিন্ন স্টলে গিয়ে নিজেদের সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। এ সময় তারা সঙ্গে থাকা একটি আইডি কার্ড ও ওয়াকিটকি দেখান। পাশাপাশি মোবাইল ফোনে থাকা সেনাবাহিনীর পোশাক পরা ছবি, আইডি কার্ড ও ওয়াকিটকির ছবি মেলায় উপস্থিত স্টল মালিক, দোকানদার ও কর্মচারীদের দেখান। একপর্যায়ে তারা সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিভিন্ন স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছে নগদ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে গ্রেপ্তার ও হেনস্তার ভয় দেখানোর অভিযোগও রয়েছে।

বিষয়টি মেলায় উপস্থিত ব্যবসায়ী ও দর্শনার্থীদের সন্দেহ হলে তারা ওই দুজনকে আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুই সহযোগী সুযোগ বুঝে মেলা প্রাঙ্গণ থেকে পালিয়ে যান। পরে পুলিশকে খবর দেওয়া হলে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেয় এবং তাদের কাছ থেকে বিভিন্ন আলামত জব্দ করে।

এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মেলায় অবস্থানরত ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেছেন বলে জানা গেছে। তাদের কাছ থেকে ওয়াকিটকি ও সেনাবাহিনীর পোশাকের অনুরূপ পোশাকসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মেলা আয়োজক কমিটির সদস্য নাহিদ আহমেদের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে।