logo

ফসল রক্ষায় বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

ফসল রক্ষায় বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

সুনামগঞ্জের মধ্যনগরে বোরোর জমির পানি নিষ্কাশনের জন্য ফসলরক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপা পড়ে আরমান হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার বোলায়া হাওরের শৌলডুয়ারী বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। 

আরমান হোসেন (১৮) উপজেলার সদর ইউনিয়নের শালীয়ানী গ্রামের চানফর আলীর একমাত্র ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যনগর উপজেলার বোলায়া হাওরের পানি নিস্কাশনের জন্য এলাকার কৃষকরা নিজ উদ্যোগে শৌলডুয়ারী এলাকার ৮নং পিআইসির ফসলরক্ষা বাঁধ কেটে দেন। কিন্তু আজ রোববার সকালে মাটি পড়ে বাঁধের সেই কাটা অংশ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে দুপুরে এলাকার কৃষকদের সঙ্গে সেই বাঁধের মাটি কাটতে যান আরমান হোসেন। বাঁধের মাটি কাটার সময় তিনি মাটির নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও সঙ্গে থাকা কৃষকরা অনেক চেষ্টা করে তাকে মাটির নিচ থেকে উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় তাকে দ্রুত পাশের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন। 

শালীয়ানী গ্রামের ব্যবসায়ী মো. মনিরুজ্জামান বলেন, আমরা বাজারে ছিলাম, খবর পেয়ে বাজার থেকে দ্রুত হাওরের বাঁধে যাই। অনেক চেষ্টা করে মাটির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়েছিল। পরে তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। শুনেছি তার মৃত্যু হয়েছে।

ধর্মপাশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবির চন্দ্র সরকার বলেন, মাটির নিচে চাপা পড়ে আরমান হোসেন গুরুত্বর আহত হয়েছিলেন। হাসপাতালে নিয়ে আসার আগেই রাস্তায় তার মৃত্যু হয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাব উদ্দিন বলেন, পানি নিষ্কাশনের জন্য হাওরের বাঁধ কাটার সময় আরমান মিয়া মাটির নিচে পড়েন। তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন বলে জানা গেছে।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় ঘোষ বলেন, এলাকার কৃষকরা উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগকে না জানিয়ে অপরিকল্পিকভাবে বোলায়া হাওরের শৌলডুয়ারী এলাকার ৮নং পিআইসির ফসলরক্ষা বাঁধটি কেটেছেন। এ সময় মাটিচাপা পড়ে আরমান মিয়া গুরুত্বর আহত হয়েছিলেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাশের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিষয়টির খোঁজ-খবর নেওয়া হবে।