ক্যামেলিয়া হাসপাতাল বন্ধ, ১৬ দিনে ৫ চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগান এলাকায় ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসাসেবা টানা ১৬ দিন ধরে বন্ধ রয়েছে। এ সময় চিকিৎসা না পেয়ে ৫ চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে শমশেরনগর চা শ্রমিক নেতা সীতারাম বীন এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হাসপাতাল বন্ধ থাকায় গত শুক্র ও শনিবার আলীনগর চা বাগানে দুই শ্রমিক মারা গেছেন। এছাড়া কানিহাটি চা বাগানে দুই এবং চাতলাপুর চা বাগানে এক শ্রমিক চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন।
সীতারাম বীন বলেন, ক্যামেলিয়া হাসপাতালে ১৬ দিন ধরে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। এতে শ্রমিকরা চরম বিপাকে পড়েছেন। দ্রুত চিকিৎসাসেবা চালু করতে হবে এবং হাসপাতাল বন্ধের ঘটনায় তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
চা শ্রমিকদের জন্য ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালটি ছিল দীর্ঘদিনের নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্র। নব্বইয়ের দশকে ইংল্যান্ডভিত্তিক ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন এটি প্রতিষ্ঠা করে, যেখানে বাগানের শ্রমিক, তাদের পরিবার ও কর্মকর্তারা নিয়মিত চিকিৎসাসেবা পেতেন। জরুরি প্রয়োজনে আশপাশের সাধারণ মানুষও এখানে চিকিৎসা নিতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ শমশেরনগর চা বাগানের সপ্তম শ্রেণির ছাত্রী ঐশি রবিদাস (১৩) মাথাব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। তবে পরিবার রাজি না হওয়ায় পরদিন সকালে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। এরপর একদল লোক হাসপাতালে হামলা, ভাঙচুর ও চিকিৎসকদের হেনস্তা করে। নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা হাসপাতাল ত্যাগ করলে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
শমশেরনগর চা বাগান সূত্র জানায়, ঘটনার পর ২৯ মার্চ একটি জরুরি বৈঠক হলেও হাসপাতাল পুনরায় চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ইংল্যান্ডে অবস্থিত ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশনা ছাড়া কার্যক্রম চালু করা সম্ভব নয় বলে জানা গেছে।
এদিকে, চা বাগানের একাধিক নারী শ্রমিক অভিযোগ করেন, হাসপাতাল বন্ধ থাকায় চিকিৎসা সংকটে তারা চরম দুর্ভোগে পড়েছেন। একই ফাউন্ডেশনের অধীন লংলার ক্যামেলিয়া স্কুলের কার্যক্রম নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে তারা জানান।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক উপদেষ্টা রামভজন কৈরী বলেন, কিশোরীর মৃত্যুতে আমরা শোকাহত। তবে হাসপাতাল বন্ধ না করে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। দ্রুত হাসপাতালটি চালু করা প্রয়োজন।
শমশেরনগর চা বাগানের ব্যবস্থাপক ও ডানকান ব্রাদার্সের উপ-মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান বলেন, হাসপাতালটি পৃথক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হওয়ায় সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই। তবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, হাসপাতালটি পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে সেবা চালু হবে বলে আশা করা হচ্ছে।