সুন্দরদিঘী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা প্রস্তাব

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল হালিমের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব দিয়েছেন পরিষদের ১২ জন সদস্য।
বুধবার (১৯ আগস্ট) চেয়ারম্যানের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে গৃহীত এ অনাস্থা প্রস্তাব দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দেন ইউপি সদস্যরা।
লিখিত আবেদনে ইউপি সদস্যরা জানান, চেয়ারম্যানের অনিয়ম, দুর্নীতি ও সাধারণ জনগণের সঙ্গে দুর্ব্যবহারের কারণে তার সঙ্গে কাজ চালানো আর সম্ভব হচ্ছে না।
পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সম্প্রতি এক নারী ইউপি সদস্য লাঞ্ছিত হলেও চেয়ারম্যান অভিভাবক হিসেবে কোনো ব্যবস্থা নেননি। পাশাপাশি অনিয়ম-দুর্নীতির একাধিক তথ্য-প্রমাণ আমাদের কাছে রয়েছে। তাই বাধ্য হয়ে সবাই মিলে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছি।
তবে সব অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মো. আব্দুল হালিম বলেন, আমার কোনো অনিয়ম-দুর্নীতি নেই। সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমাকে হেয়প্রতিপন্ন করতে জিন্নাহ মেম্বারের নেতৃত্বে অনাস্থা প্রস্তাবের এই চক্রান্ত করা হয়েছে।
অনাস্থা প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীৎ সাহা জানান, লিখিত আবেদনটি পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মো. আব্দুল হালিম ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ৬ হাজার ৭৫১ ভোটের ব্যবধানে সুন্দরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।



