logo

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মুশতাক আহমদ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মুশতাক আহমদ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জগন্নাথপুর পৌর শহরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শেখ মুশতাক আহমদ লিখিত বক্তব্যে বলেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে আমরা প্রথম থেকে ১০ দলীয় জোটের একক প্রার্থী দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আসছিলাম। কিন্তু অনেক চেষ্টা করেও আমরা ঐক্যে পৌঁছাতে পারিনি। এ আসনে আমাদের জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত ছিল। সিদ্ধান্তহীনতার কারণে এই আসনটি হারাতে হচ্ছে। আমি একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচনি এলাকায় ব্যাপক সারা পেয়েও আমাদের দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করছি। তবে আমরা কোনো প্রার্থীকে সমর্থন করব না।

এ সময় জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, জগন্নাথপুর পৌর শাখার সভাপতি সুহেল আহমদ চুনু, শান্তিগঞ্জ উপজেলার সহসাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ-৩ আসনে ১০ দলীয় জোটের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ৪ জন। কিন্তু এই আসনে নিয়ে কোনো সমঝোতা না হওয়ায় আসনটি উন্মুক্ত রাখা হয়। এর মধ্যে জামায়াত ইসলামীর প্রার্থী অ্যাড. ইয়াসীন খান প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন দলীয় সিদ্ধান্তে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন নেন। বর্তমানে ১০ দলীয় ঐক্যে জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির সাবেক সংসদ সদস্য মাওলানা অ্যাড. শাহীনুর পাশা (রিকশা প্রতীক) ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সৈয়দ তালহা আলম (ঈগল প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই আসনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমেদ (ধানের শীষ)সহ মোট ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।