কুষ্টিয়ায় সাবেক পৌর মেয়রকে লক্ষ্য করে গুলি, সশস্ত্র হামলা

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক নেতা আনোয়ারুল কবির ওরফে টুটুলকে লক্ষ্য করে গুলি ও সশস্ত্র হামলা হয়েছে। হামলায় সাবেক মেয়রসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) বিকেলে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান এশিয়া পোস্টকে জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
এর আগে, শুক্রবার রাত ১১টার দিকে ভেড়ামারা উপজেলার গোডাউন মোড় এলাকার এসডি টাওয়ারের সামনে হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত অন্য দুজন হলেন ভেড়ামারা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি দুলাল হোসেন এবং নুরু নামের এক স্থানীয় বাসিন্দা। ঘটনার পর পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হোসেন জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাদের আনোয়ারুল কবিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
আনোয়ারুল কবির জানান, পৌরসভার গোডাউন মোড় হয়ে বাসায় ফেরার পথে একদল সশস্ত্র লোক তার গতিবোধ রোধ করে হামলা চালায়। তাকে হত্যার উদ্দেশ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এস এস আল হুসাইন সোহাগের নেতৃত্বে সিজার, খোকন, রুম্মন ও রুমনসহ একদল ব্যক্তি হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, হামলাকারীরা প্রথমে আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার চেষ্টা করলে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
অভিযোগ অস্বীকার করে এস এস আল হুসাইন সোহাগ জানান, হামলার সঙ্গে তার এবং দলের কোনো কর্মী-সমর্থকের সম্পৃক্ততা নেই।
তিনি বলেন, পৌরসভার যানজট, জলাবদ্ধতা ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করায় মেয়র পদে আমার একটি রাজনৈতিক ও সামাজিক অবস্থান তৈরি হয়েছে। সেই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে অপপ্রচার চালাচ্ছে।
ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান, হামলার মূল কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
.png)






