জেলের জালে ৩৩ কেজির বাঘাইড়, ৫৬ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। পরে মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে এনে প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় মাছটি জালে আটকা পড়ে। স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, জেলে সোনাই হালদার কয়েকজন সহযোগীকে নিয়ে মঙ্গলবার দুপুরে পদ্মা নদীতে মাছ ধরতে যান। নদীর বিভিন্ন স্থানে জাল ফেলেও তেমন মাছ না পাওয়ায় তারা পদ্মা ও যমুনার মোহনার দিকে যান। সেখানে জাল ফেলার পর সেটি টেনে তুলতে গিয়ে জেলেরা বড় আকৃতির বাঘাইড় মাছটি দেখতে পান। পরে মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে নেওয়া হলে ওজন করে ৩৩ কেজি পাওয়া যায়। মাছটি দেখতে আড়তে ভিড় করেন উৎসুক মানুষ।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, আড়তে মাছটি ওঠার পর উন্মুক্ত নিলামে অংশ নিয়ে প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মোট ৫২ হাজার ৮০০ টাকায় মাছটি কিনেছি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ৫৬ হাজার ১০০ টাকায় বিক্রি করেছি।
তবে বাঘাইড় মাছ বাংলাদেশে সংরক্ষিত ও মহাবিপন্ন প্রজাতির বন্যপ্রাণী হিসেবে বিবেচিত। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী সংরক্ষিত বন্যপ্রাণী শিকার, ক্রয়-বিক্রয়, পরিবহন বা দখলে রাখা দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘনের ক্ষেত্রে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।