কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় মাদকের বড় চালান জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৬ লাখ ১১ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় গাঁজা ও ইয়াবার একটি বড় চালান জব্দ করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানের মাধ্যমে আনা গবাদিপশু ও অন্যান্য অবৈধ মালামালও আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ২২ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ১১ হাজার ৫০০ টাকা। এছাড়া সীমান্তে টহল জোরদারের মাধ্যমে চোরাচালানি গবাদিপশু ও অন্যান্য নিষিদ্ধ পণ্য আটক করা হয়েছে।
২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দকৃত মাদক ও অন্যান্য মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

