logo

বাবার কাছে মাদকের টাকা না পেয়ে প্রাণ দিলেন যুবক

বাবার কাছে মাদকের টাকা না পেয়ে প্রাণ দিলেন যুবক
নিহত খাইরুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

পটুয়ালীর কলাপাড়ায় মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা না পেয়ে অভিমান করে খাইরুল ইসলাম (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার (৮ নভেম্বর) উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খাইরুল ইসলাম ওই গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে। তিনি এক কন্যাসন্তানের বাবা।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারের সঙ্গে তার প্রায়ই মনোমালিন্য ও বিরোধ দেখা দিত। মাদক কেনার টাকা না পেলে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন এবং মারধরের ঘটনাও ঘটত। পারিবারিক কলহের কারণে তার স্ত্রী বর্তমানে বাবার বাড়িতে রয়েছেন।

নিহতের বাবা আলমগীর হাওলাদার জানান, গত শনিবার সন্ধ্যায় মাদক সেবনের জন্য তার কাছে টাকা চান খাইরুল। তবে তিনি টাকা দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে রাতে খাবার না খেয়েই ঘুমাতে যান। একপর্যায়ে ঘরের আসবাবপত্রও ভাঙচুর করেন।

পরিবারের সদস্যরা বাড়ির বাইরে যাওয়ার সুযোগে খাইরুল ঘরের দরজা বন্ধ করে দেন। পরে তারা ফিরে এসে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। একপর্যায়ে ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।