এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত ১৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মাসেতুর দক্ষিণ থানা সংলগ্ন হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে কুতুবপুর সীমানা এলাকার এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহতের কোনো খবর পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মাসেতু পার হওয়ার পর মাদারীপুরের শিবচর উপজেলার সীমানানামক স্থানে নিয়ন্ত্রণ হারায়। এ সময় উল্টে সড়কে আছড়ে পড়ে বাসটি। আহতদের উদ্ধার করে শিবচর ও পাঁচ্চর হাসপাতালে ভর্তি করা হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এ ঘটনায় মারা যায়নি কেউ। তবে আহত হয়েছেন কয়েকজন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। দুর্ঘটনার পর সাময়িক যান চলাচলে বিঘ্ন হয়। পরে দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে ধারণা করা হচ্ছে।