পরাজিত হলেও সমর্থকদের প্রতি কৃতজ্ঞ শামীম সাঈদী

পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী নির্বাচনে পরাজয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তার সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি ওই পোস্ট দেন।
ওই পোস্টে তিনি বিজয়ী সব প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে যারা তাকে ভোট দিয়েছেন এবং নির্বাচনী প্রচার, মিছিল, মিটিংয়ে শ্রম, পরামর্শ ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
শামীম সাঈদী তার পোস্টে উল্লেখ করেন, সমর্থকদের ভালোবাসার ঋণ কোনোভাবেই পরিশোধ করার মতো নয় এবং হৃদয়ের গভীর থেকে তিনি সবার প্রতি কৃতজ্ঞ। নির্বাচনের পর অনেকেই ফোনকল ও মেসেজের মাধ্যমে সমবেদনা জানিয়েচেন এবং খোঁজ-খবর নিয়েছেন উল্লেখ করে তিনি সবার উত্তর দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন।
ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে শামীম সাঈদী বলেন, আমাদের এ পথচলা থামবে না, চলবে। অতীতের মতো এখনো আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।
শামীম সাঈদী জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা সাবেক সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মেজো ছেলে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন। শামীম সাঈদী তার কাছে ৮ হাজার ২৮৮ ভোটে পরাজিত হয়েছেন।
তবে শামীম সাঈদীর সেজ ভাই মাসুদ সাঈদী পিরোজপুর-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ২৫ হাজার ৫৫৪ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলমগীর হোসেনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন।