logo

শরীয়তপুরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

শরীয়তপুরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিএনপির স্থানীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চাকধ বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চাকধ বাজারে অবস্থিত বিএনপির স্থানীয় ক্লাব কার্যালয়ের সামনে হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে ঘটনাস্থলের কাছেই আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নড়িয়া থানা পুলিশের উপপরিদর্শক রাজিব জানান, চাকধ বাজারের বিএনপি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।