দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

এশিয়া পোস্ট নিউজ, রাজবাড়ী
দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ছবি : এশিয়া পোস্ট

বৈরী আবহাওয়ার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রোববার (১২ জুলাই) ভোর থেকে রাজবাড়ী অঞ্চলে বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে নৌপথে নিরাপদে ফেরি পরিচালনা ব্যাহত হয়। এ পরিস্থিতিতে সকাল ৫টা থেকে দৌলতদিয়া প্রান্তে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৫টি ফেরি অবস্থান করছে। এ নৌরুটে মোট ১২টি ফেরি থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কোনো ফেরি চলাচল করছে না।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, বৈরী আবহাওয়ায় নৌপথে যাত্রী ও যানবাহন পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পর্যায়ক্রমে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।

বিষয় :রাজবাড়ী