logo

বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, ‘হিটস্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যু

বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, ‘হিটস্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যু

বগুড়ায় অনুভূত হচ্ছে তীব্র গরম। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এর মধ্যে রিকশা চালানো অবস্থায় এক চলকের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও পরিবারের ধারণা, অতিরিক্ত গরমের কারণে ‘হিটস্ট্রোকে’ তিনি মারা গেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে বগুড়া শহরের মালতীনগর বকশীবাজারে রিকশাচালকের মৃত্যুর ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরহাদ মন্ডল।

মৃত আবু সামাদ সারিয়াকান্দি উপজেলার গোয়ালবাতান ফুলবাড়ি এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে রিকশা নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন আবু সামাদ। পথে বকশীবাজার মোড়ে হঠাৎ অসুস্থ হয়ে রিকশা থামিয়ে বসে পড়েন তিনি। পরে আশপাশের লোকজন তাকে পাশের একটি ভবনের দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে বসিয়ে দেন। কিছুক্ষণ পর তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ পরিদর্শক ফরহাদ মন্ডল জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত গরমের কারণে ‘হিটস্ট্রোকে’ তার মৃত্যু হয়েছে বলে ধারণা প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের।

বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বগুড়া আবহাওয়া অফিসের ওয়্যারলেস অপারেটর রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জেলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা এ মৌসুমের সর্বোচ্চ।