ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যার পর ৯৯৯-এ ফোন

নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জেরে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আব্দুল মান্নান মনিরের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে নিজেই স্ত্রীকে হত্যার কথা পুলিশকে জানান তিনি। পরে পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে বন্দরের তিনগাঁও উত্তরপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরকীয়ার সন্দেহ এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার রাতে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে আব্দুল মান্নান প্রথমে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।
হত্যাকাণ্ডের পর আব্দুল মান্নান নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।