logo
Advertisement

জামায়াত নেতার অবৈধ কয়লা ভাট্টি গুঁড়িয়ে দিল প্রশাসন

জামায়াত নেতার অবৈধ কয়লা ভাট্টি গুঁড়িয়ে দিল প্রশাসন
নড়াইলের আটঘরায় অবৈধ কয়লা ভাট্টির আটটি চুল্লি ধ্বংস করে জেলা প্রশাসন। ছবি: এশিয়া পোস্ট

নড়াইলের সদর উপজেলায় স্থানীয় জামায়াত নেতা হাসিবুর মোল্যার অবৈধভাবে কয়লা তৈরির ভাট্টি গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

উপজেলার বিছালী ইউনিয়নের আটঘরা এলাকায় স্থানীয় সোমবার (১৪ সেপ্টেম্বর) ওই অবৈধ কয়লা ভাট্টিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রুবেল শেখ। পরে তার নির্দেশে ভাট্টির আটটি চুল্লি ধ্বংস করা হয়।

স্থানীয় ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটঘরা এলাকার একটি বাগানের মধ্যে দীর্ঘদিন ধরে কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা উৎপাদন করে আসছিলেন বিছালী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি হাসিবুর মোল্যা। এ নিয়ে স্থানীয়দের অভিযোগ ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে।

অভিযানে ফায়ার সার্ভিসের সদস্যরা জ্বলন্ত চুল্লির আগুন নির্বাপণ করেন। অভিযানের খবর পেয়ে ভাট্টিতে কর্মরত শ্রমিক ও মালিক পালিয়ে যান। পরে ভাটায় ব্যবহৃত কাঠ ও একটি ট্রলি জব্দ করে জেলা প্রশাসন। অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়াসহ জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ বলেন, কাঠ পুড়িয়ে কয়লা তৈরি সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে স্থানীয় জনগণ ও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। কয়লা ভাট্টির কালো ধোঁয়া পরিবেশ ও মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সেখানে অভিযান চালিয়ে চুল্লিগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। কাঠ ও একটি ট্রলি জব্দ করা হয়েছে। অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।