logo

ডোবায় ভাসছে সরকারি ওষুধ

ডোবায় ভাসছে সরকারি ওষুধ

জামালপুরের ইসলামপুর উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকের পাশে ডোবায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভাসতে দেখা গেছে। ট্যাবলেট, ক্যাপসুল ও সিরাপসহ বিভিন্ন ধরনের ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিক সংলগ্ন ডোবায় এসব ওষুধ দেখতে পান স্থানীয়রা। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন অনেকে।

সরেজমিনে দেখা যায়, ডোবার পানিতে বিভিন্ন ধরনের ওষুধের প্যাকেট ভাসছে, যার অনেকগুলোর গায়ে সরকারি সরবরাহ লেখা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ক্লিনিকে নিয়মিত সেবা না পাওয়া এবং ওষুধের ঘাটতির কথা বলা হলেও এসব ওষুধ ডোবায় ফেলা হয়েছে। তাদের দাবি, মেয়াদোত্তীর্ণ ওষুধই হয়তো এভাবে ফেলে দেওয়া হয়েছে।

ধনতলা গ্রামের বাসিন্দা জমিলা খাতুন বলেন, অনেক সময় ক্লিনিক বন্ধ থাকে। ওষুধ চাইলে বলা হয় নেই। অথচ ডোবায় এত ওষুধ পাওয়া যাচ্ছে, যা গরিব মানুষের উপকারে আসতে পারত।

এ বিষয়ে কমিউনিটি স্বাস্থ্য সহকারী মো. মিস্টার জানান, তিনি অতিরিক্ত দায়িত্বে রয়েছেন এবং বিষয়টি তার জানা নেই। অন্য দুইজন দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বলেও তিনি জানান।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. এ. এম আবু তাহের এশিয়া পোস্টকে জানান, বিষয়টি তিনি অবগত নন। যদি এমন ঘটনা ঘটে থাকে, তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।