logo

শিবগঞ্জে জামায়াতকর্মীদের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ

শিবগঞ্জে জামায়াতকর্মীদের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জামায়াতের কয়েকজন কর্মীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের ডুবনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে জামায়াত।

দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনি পরিচালনা কমিটির সদস্যসচিব আতিকুল ইসলাম দাবি করেন, রাতের দিকে জামায়াতকর্মী আলহাজ মোস্তাকিম ও তার কয়েকজন সহযোগী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেন। তিনি বলেন, এক পর্যায়ে এক ভোটারের বাড়িতে টাকা দেওয়ার সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মোস্তাকিম ও তার সহযোগী মনিরুলকে আটক করেন। তবে অন্যরা টাকার ব্যাগ নিয়ে সেখান থেকে সরে পড়েন।

ভাইরাল হওয়া ভিডিওতে স্থানীয়দের সঙ্গে অভিযুক্তদের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির দৃশ্য দেখা যায়।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। পরে এমন ঘটনা আর না ঘটানোর আশ্বাস দিলে স্থানীয়রা আটক দুজনকে ছেড়ে দেয় বলে জানান তিনি। অভিযোগের বিষয়ে আলহাজ মোস্তাকিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম অভিযোগ নাকচ করে বলেন, তাদের কর্মীরা ভোট কেনার সঙ্গে জড়িত—এমন প্রশ্নই ওঠে না। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও তিনি জানান।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ বলেন, এখন পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো অভিযোগ তাদের কাছে জমা পড়েনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।