জামালপুরে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে অভিযান চালিয়ে ৪০ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা হেরোইনের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
বুধবার (২২ জুলাই) জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মেলান্দহ উপজেলার আমবাড়ীয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় আজিজ বেপারীর বাড়ির সামনের পাকা সড়ক থেকে ওই দম্পতিকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইসলামপুর উপজেলার শিংভাঙ্গা এলাকার মো. আনোয়ার হোসেন (২২) ও তার স্ত্রী মোছা. শাপলা আক্তার (২১)।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে তল্লাশি চালালে আনোয়ার হোসেনের কাছ থেকে ২০ গ্রাম এবং শাপলা আক্তারের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হেরোইন বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেলান্দহ থানায় মামলা করা হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
.png)





