logo
Advertisement

জামালপুরে এনসিপির মানববন্ধনে হামলা, ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,জামালপুর
জামালপুরে এনসিপির মানববন্ধনে হামলা, ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি। ছবি : এশিয়া পোস্ট

জামালপুরে রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল ও নিরাপদ সড়কের দাবিতে আয়োজিত এনসিপির মানববন্ধনে হামলার অভিযোগে বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতাসহ ৮ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দেন জাতীয় যুবশক্তির জামালপুর জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল আবিদ সৌরভ।

অভিযোগ সূত্রে জানা যায়, একই দিন দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল, সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রতিক প্রাণঘাতী দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা। কর্মসূচি চলাকালে সেখানে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শুভ, সভাপতি মো. রফিকুল ইসলাম জার্নিস ও শ্রমিক নেতা মো. হারুন অর রশিদসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৭০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

হামলার পরপরই জড়িতদের বিচার ও নিজেদের নিরাপত্তার দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন ভুক্তভোগীরা।

জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। এ সময় শুভর নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হন।

হামলার অভিযোগের বিষয়ে জানতে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

তবে বাস চলাচলের বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে ১২টি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় শ্রমিকেরা বাস চলাচল স্বাভাবিক করতে রাজি হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে কথা বলেছে। পরে তারা আশ্বস্ত হয়ে বাস চলাচল স্বাভাবিক করার কথা জানান।

বিষয় :