logo
Advertisement

১৭ বছর পর মহিলা লীগ নেত্রীর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী

এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
১৭ বছর পর মহিলা লীগ নেত্রীর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী
দখলে থাকা জমি উদ্ধার। ছবি : এশিয়া পোস্ট

দীর্ঘ ১৭ বছর পর ৮ দশমিক ১৫ একর পৈতৃক ও রেকর্ডভুক্ত জমির দখল ফিরে পাওয়ার দাবি করেছেন প্রবাসী শরিফুল ইসলাম ও তার শরিকেরা। তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবি, তার ছেলে জায়েদ বিন কাদের ও তাঁদের সহযোগীরা জমিটি দখল করে মৎস্য চাষ করছিলেন।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দেবহাটা উপজেলার বালিথা মৌজার ‘ধাপার ঘের’ এলাকায় নিজেদের জমির দখল বুঝে পেয়েছেন বলে জানান ভুক্তভোগী শরিফুল ইসলাম ও তার স্বজনেরা।

প্রবাসী শরিফুল ইসলাম অভিযোগ করেন, ২০১৮ সালে তৎকালীন ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে রওশন আরা রুবি ও তার সহযোগীরা জোরপূর্বক জমিটি দখল করে নেন। প্রাণনাশের আশঙ্কায় তখন প্রকাশ্যে কোনো প্রতিবাদ করতে পারেননি তাঁরা। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশে ফিরে আসেন। পরবর্তীতে ৩ জুলাই স্বজনদের নিয়ে জমিতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা তাদের ওপর হামলার চেষ্টা করেন এবং তাড়িয়ে দেন।

ঘটনার পর সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। পুলিশ সুপার বিষয়টি সমাধানের নির্দেশ দিলেও অভিযুক্ত পক্ষ সালিশ বৈঠকে উপস্থিত হয়নি। পরবর্তীতে আদালতে দায়ের করা মামলায়ও নিম্ন ও জজ আদালতে হেরে যান রওশন আরা রুবি। অবশেষে মঙ্গলবারে স্থানীয়দের সহায়তায় শরিফুল ইসলাম ও তাঁর পরিবার পৈতৃক জমির দখল বুঝে নেন।

এদিকে, রওশন আরা রুবির ছেলে ও সাবেক ছাত্রলীগ নেতা জায়েদ বিন কাদের উল্টো ভুক্তভোগী প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার চক্রান্ত করছেন বলে অভিযোগ করা হয়েছে। হয়রানি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছে পরিবারটি।

তবে এসব অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে রওশন আরা রুবি বা তার ছেলে জায়েদ বিন কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে যুক্ত করা হবে।