logo

মসজিদের ভেতর মারধর নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১৫

মসজিদের ভেতর মারধর নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১৫

নড়াইলের লোহাগড়া উপজেলার বাকা গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আক্তার মোল্যা গ্রুপের লোকজন মসজিদের ভেতর লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সদস্য জিরু কাজী গ্রুপের লোকজনকে মারধর করে। এর জের ধরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

আহতদের মধ্যে রয়েছেন, জিরু কাজী, লুৎফুন্নাহার, রেখা বেগম, সেলিম বিশ্বাস, হেমায়েত হোসেন, আনোয়ার, আক্তার মোল্যা, লিটন, ফিরোজ, শরিফুল, হাসান মোল্যা, কাদের ও মিরাজ মোল্যাসহ অন্তত ১৫ জন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে আক্তার মোল্যা ও জিরু কাজীর ফোনে কল দেওয়া হলেও রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আব্দুর রহমান বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।