শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ, মা ও সৎ বাবা আটক

এশিয়া পোস্ট নিউজ, সাভার
শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ, মা ও সৎ বাবা আটক
আশুলিয়া থানার ফটক। ছবি: সংগৃহীত

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ইসরাফিল নামের তিন বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ শিশুটির মা ও সৎ বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

বুধবার (৮ জুলাই) সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকার জাকিরের ভাড়া বাসা থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটিকে নিয়ে তার মা লাবনী ও সৎ বাবা সাব্বির ওই বাসায় ভাড়া থাকেন। লাবনী স্থানীয় একটি হোটেলে ও সাব্বির দিনমজুরের কাজ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শিশুটিকে মারধরের শব্দ শুনতে পান প্রতিবেশীরা। বুধবার সকালে শিশুর মা লাবনী কাজে চলে যান। বাবা সাব্বির ঘুম থেকে উঠে শিশুটিকে শৌচাগারের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা এসে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, শিশুটির মা ও সৎ বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাতের বেলার মারধরের কারণে মৃত্যু না কি অন্য কোনো কারণ তা নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :সাভার