মেহেরপুরে সাড়ে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

মেহেরপুরের গাংনীতে সাড়ে চার কেজি গাঁজাসহ রোকেয়া বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা এই গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রোকেয়া বেগম ওই গ্রামের মৃত হাফিজুর রহমানের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সাহার নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রোকেয়া বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতবাড়ির প্রবেশপথের পাশে খড়ির ঘরে তল্লাশি চালিয়ে ভুট্টার খড়ির গাদার ভেতর থেকে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখা ও বিক্রির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি প্রদীপ কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৪ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
.png)





