logo

নিয়ম ভেঙে ভিক্ষা করলে শাস্তির ঘোষণা ফকির কমিটির সভাপতির

নিয়ম ভেঙে ভিক্ষা করলে শাস্তির ঘোষণা ফকির কমিটির সভাপতির
হেন্ড মাইকে ভিক্ষার নিয়ম ঘোষণা করেন আনোয়ার। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভিক্ষাবৃত্তির সময়সীমা বেঁধে দিয়ে বিকেল ৫টার পর ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানার ঘোষণা করে হুঁশিয়ারি দিয়েছেন শেরপুরের নকলার স্থানীয় ফকির কমিটির সভাপতি আনোয়ার। এ ছাড়া প্রতি মঙ্গলবার ছাড়া অন্য দিন এবং বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় আর ভিক্ষা করা যাবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

Advertisement

আনোয়ারের বাড়ি নকলা উপজেলার জালালপুরে।

ভিডিওতে নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তাকে বলতে শোনা যায়, প্রতি মঙ্গলবার ছাড়া ভিক্ষা করবেন না। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভিক্ষা করা যাবে। বিকেল ৫টার পর ভিক্ষা চাইতে দেখলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও তিন দিনের জেল হবে।

এমন ঘোষণায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে ফকির কমিটির এই ‘সময়সূচি’ নিয়ে আইনগত প্রশ্নও সামনে এসেছে। কারণ, জরিমানা কিংবা কারাদণ্ড দেওয়ার ক্ষমতা আইন অনুযায়ী নির্ধারিত কর্তৃপক্ষের।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, তিনি এমন কোনো ঘোষণার বিষয়ে অবগত নন।