logo

কর্মস্থলে ফিরতে জামালপুরে স্টেশন-টার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভিড়

কর্মস্থলে ফিরতে জামালপুরে স্টেশন-টার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভিড়

টানা চার দিনের ছুটি শেষ। রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে খুলছে অফিস-আদালত। তাই কর্মজীবী মানুষ ফিরতে শুরু করেছেন নিজ নিজ কর্মস্থলে। শনিবার দিনভর জামালপুর শহরের রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের উপচেপড়া ভিড়।

সকাল থেকেই জামালপুর রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টারের সামনে ছিল দীর্ঘ লাইন। একই চিত্র দেখা গেছে শহরের প্রধান বাস টার্মিনালেও। কয়েকদিন আগেও গণপরিবহন তুলনামূলক ফাঁকা থাকলেও ছুটি শেষে ফেরার দিনে পরিস্থিতি পুরো বদলে গেছে।

যাত্রীরা জানান, ছুটিতে বাড়ি যাওয়ার সময় অতিরিক্ত ভাড়া দিতে হয়েছিল। ফেরার পথেও নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ থেকে ১৫০ টাকা বেশি নেওয়ার অভিযোগ রয়েছে। তবে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে বলে জানা গেছে।

ঢাকাগামী যাত্রী আতিকুর রহমান রানা বলেন, ‘ছুটি শেষে কাজে যোগ দিতে আজই ঢাকায় ফিরতে হচ্ছে। বাসে অনেক ভিড়, টিকিট পেতেও কষ্ট হয়েছে। নির্ধারিত ভাড়ার চেয়ে কিছু বেশি দিতে হয়েছে।’

আরেক যাত্রী শিউলি আক্তার বলেন, কয়েক দিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এখন কর্মস্থলে ফিরছি। স্টেশনে ভিড় বেশি, ট্রেনে উঠতেও ভোগান্তি হচ্ছে। তবে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে চান বলে জানান তিনি।