logo

গোপালগঞ্জে মসজিদের ইমামকে কুপিয়ে জখম

গোপালগঞ্জে মসজিদের ইমামকে কুপিয়ে জখম
কাশিয়ানী থানা, গোপালগঞ্জ। ছবি: এশিয়া পোস্ট

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে জাকির হোসেন (৫০) নামে এক মসজিদের ইমামকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ডাঙা মাজড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেন ওই গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের বাগান সিকদারের ছেলে বাশার সিকদারের সঙ্গে জমি নিয়ে জাকির হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এরই জেরে রোববার ভোরে বাশার সিকদার অস্ত্র দিয়ে জাকির হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, তিনি একজন সাংবাদিকের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।