ট্রাকচাপায় ঝরল শিশুর প্রাণ, চালক আটক

সাতক্ষীরার কালিগঞ্জে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মুস্তাকিম হোসেন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড় ৪টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বাঁশতলা সড়কের চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিম উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে শিশু মুস্তাকিম একটি ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বাঁশতলা সড়কের চৌমুহনী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি প্রাণ হারায়।
দুর্ঘটনার পর পরই ক্ষুব্ধ স্থানীয়রা ট্রাকটির গতি রোধ করে চালককে আটক করেন এবং থানায় খবর দেন। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করে এবং চালক আল আমিন হোসেনকে (২৫) হেফাজতে নেয়। আটক ট্রাকচালক আল আমিন উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের আসাদুজ্জামানের ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.png)

