logo

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, রক্ষা করতে গিয়ে বাবা আহত

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, রক্ষা করতে গিয়ে বাবা আহত
অভিযুক্ত যুবক মুত্তাকীন আলম। ছবি: পারিবারিক সূত্রে পাওয়া

কুড়িগ্রাম সদর উপজেলায় ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মুত্তাকীন আলম শোভন মাদকাসক্ত হয়ে পড়লে তাকে বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিল। সেখানে প্রায় দুই বছর থাকার পর পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। তবে বাড়িতে ফেরার পর তিনি আবারও মাদকাসক্ত হয়ে পড়েন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে ওই পুনর্বাসন কেন্দ্রের কর্মীরা শোভনকে নিতে তাদের বাড়িতে আসেন। বিষয়টি টের পেয়ে শোভন ঘরের ভেতরে তার মাকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃত্যু হয়। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে সরদার আলীকেও ছুরিকাঘাত করেন শোভন। পরে তিনি পালিয়ে যান।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত সরদার আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ছুরিকাঘাতের পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। নিহত পারুল বেগমের মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।