logo

বাড়ি পৌঁছে না দেওয়ায় ভ্যানচালককে ইট দিয়ে মেরে হত্যা

বাড়ি পৌঁছে না দেওয়ায় ভ্যানচালককে ইট দিয়ে মেরে হত্যা

রাজশাহীর মোহনপুরে বাড়ি পৌঁছে না দেওয়ায় ভ্যানচালকের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বেলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলম (৪৪) উপজেলার বেলগাছি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বেলগাছী গ্রামের মজিবুর রহমান একই এলাকার চার্জার ভ্যানের চালক আলমগীর মন্ডলকে তার বাড়িতে পৌঁছে দিতে বলেন। আলমগীর রাজি না হলে এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে মজিবুর রহমান ইট দিয়ে আলমগীরের মাথায় আঘাত করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয়রা মজিবুরকে বেলগাছি পাঠাগারে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন। পরে পরিস্থিতি শান্ত হলে পুলিশ মজিবুরকে আটক করে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, এ ঘটনায় এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মোহনপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের হোসেন খাঁন বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।