নড়াইলে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৬

নড়াইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় ধানের শীষের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের (কলস প্রতীক) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হবখালীর বাগডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
কলস প্রতীকের পক্ষের পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন হবখালী বিএনপির ওয়ার্ড সভাপতি সৈয়দ আতিয়ার রহমান, সৈয়দ মাহিন আলী, সৈয়দ রেন্টু আলী, সৈয়দ খেজির আলী ও সৈয়দ আইয়ুব আলী।
অন্যদিকে ধানের শীষের পক্ষের আহত হয়েছেন আশরাফুল শেখ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার মাগরিবের নামাজের পর দুপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কলস প্রতীকের সমর্থকরা ধানের শীষের সমর্থক আশরাফুল শেখকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে এশার নামাজের পর আবারও দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধানের শীষের সমর্থকরা কলস প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষে ছয়জন আহত হন। আহতদের সবাই নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।