logo
Advertisement

মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,ভোলা
মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক
আটক ১২ পাচারকারী। ছবি: এশিয়া পোস্ট

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া প্রায় ৩০ টন (৫৯৫ বস্তা) সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) হাতিয়া থানাধীন মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানের সময় সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালানো হয়। এ সময় শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৫৯৫ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিমেন্টের মোট ওজন ২৯ হাজার ৭৫০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।

এ সময় সিমেন্টের পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত বোট দুটি জব্দ এবং ঘটনার সঙ্গে জড়িত ১২ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে নোয়াখালীর হাতিয়া উপজেলার ২ জন, লক্ষ্মীপুর জেলার ৮ জন এবং পিরোজপুর ও বাগেরহাট জেলার ১ জন করে রয়েছেন। তাদের বয়স ১৭ থেকে ৪৮ বছরের মধ্যে।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্ট, বোট ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অনুযায়ী নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।