logo
Advertisement

পানিতে তলিয়ে গেছে রেললাইন, চট্টগ্রামে আটকে আছে ‘পর্যটক এক্সপ্রেস’

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,চট্টগ্রাম
পানিতে তলিয়ে গেছে রেললাইন, চট্টগ্রামে আটকে আছে ‘পর্যটক এক্সপ্রেস’
টানা ভারী বৃষ্টিতে পানি উঠে গেছে রেললাইনে। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় মাঝপথেই থমকে গেছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রেনে থাকা শত শত পর্যটক ও সাধারণ যাত্রী।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১টা থেকে ট্রেনটি চট্টগ্রাম শহরের ষোলশহর স্টেশনে আটকা পড়ে আছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মঙ্গলবার ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে ‘পর্যটক এক্সপ্রেস’। ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে নির্ধারিত বিরতি শেষে দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু এর কিছুক্ষণ পরেই ষোলশহর ও সংলগ্ন জালালাবাদ স্টেশন এলাকায় রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় ট্রেনটির যাত্রা ব্যাহত হয় এবং এটি ষোলশহর স্টেশনে আটকা পড়ে।

বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার এশিয়া পোস্টকে বলেন, জালালাবাদ স্টেশনের আগের কিছু অংশে রেললাইন পানিতে ডুবে যাওয়ায় কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেসটি সুরক্ষার স্বার্থে ষোলশহর স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তবে পানি কিছুটা কমতে শুরু করেছে। লাইন থেকে পানি নেমে গেলেই ট্রেনটি পুনরায় কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবে।

এদিকে আকস্মিক এই ট্রেনজটের কারণে চরম বিপাকে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা। বিশেষ করে নারী ও শিশুরা দীর্ঘ সময় ট্রেনের ভেতর অপেক্ষা করায় হাঁসফাঁস করছেন।