দীর্ঘ ২০ বছর পর নওগাঁ যাবেন তারেক রহমান

দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৯ জানুয়ারি বিএনপির নির্বাচনি জনসভায় তিনি ভাষণ দেবেন।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. শাহিন শওকত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।
জানা গেছে, নওগাঁ শহরের পাশে বাইপাস সড়কসংলগ্ন কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়ের ‘এটিম’ মাঠ জনসভার জন্য নির্ধারণ করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি বিকাল ৩টায় বিএনপির নির্বাচনি জনসভায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
সাংবাদিক সম্মেলনে অ্যাড. শাহিন শওকত বলেন, ১৭ বছর হাজার হাজার নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে ৪০ লাখ মামলা হয়েছে। কথা বলার অধিকার প্রতিষ্ঠায় বিএনপি লড়াই করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ১৭ বছর নির্বাসন জীবন শেষে আমাদের লিডার দেশে ফিরেছেন। নওগাঁয় তার আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তে দেশে গণতন্ত্রের পথ সুগম হয়েছে। চব্বিশের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চায়। বিএনপি জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করার প্রতিশ্রুতিবদ্ধ। কারণ, বিএনপি জনগণের দল।
এ সময় বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. শাহিন শওকত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, নওগাঁ-৫ আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের প্রার্থী শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের প্রার্থী ডা. ইকরামুল বাড়ি টিপু, জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রার্থী মো. মাসুদ রানা প্রধান ও জয়পুরহাট-২ আসনের প্রার্থী আব্দুল বারীসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।