নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বাধা, বিএনপি নেতাকে পিটিয়ে আহত

কুমিল্লার নাঙ্গলকোটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল বের করার প্রতিবাদ ও বাধা দেওয়ায় এক বিএনপি নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ঢালুয়া উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত বিএনপি নেতার নাম মো. আজাদ। তিনি ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাসান খোরশেদের নেতৃত্বে আওয়ামী লীগের সহযোগী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন।
মিছিলটি ঢালুয়া উচ্চবিদ্যালয় গেটের সামনে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতা আজাদ তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা তাকে বেধড়ক মারধর ও পিটিয়ে আহত করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মাহফুজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন কীভাবে এত বড় মিছিল করার সাহস পায় এবং কার ইন্ধনে এই ঘটনা ঘটেছে—তা খতিয়ে দেখা দরকার।
ঘটনার বিষয়ে জানতে চাইলে নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কালীম উল্লাহ বলেন, আমি বর্তমানে সাংগঠনিক কাজে ঢাকায় অবস্থান করছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়ে পরবর্তী প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বের করাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
.png)


