থাকেন ঢাকায়, লাশ পাওয়া গেল মুন্সীগঞ্জে

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. রানা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আম্বলীপাড়া এলাকায় চায়না প্রজেক্ট সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে শ্রীনগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে গলায় কাপড় পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, রানা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার গান্ধিপুর এলাকার আজিজুলের ছেলে। তিনি ঢাকার মিরপুর এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার তিনি মিরপুর থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারে। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।