দিনাজপুরে কালেমা-সংবলিত পতাকা নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা

এশিয়া পোস্ট নিউজ, দিনাজপুর
দিনাজপুরে কালেমা-সংবলিত পতাকা নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা
কলেমা-সংবলিত পতাকা হাতে শোভাযাত্রা। সোমবার বিকেলে দিনাজপুর শহরে। ছবি: এশিয়া পোস্ট

দিনাজপুর শহরে কালেমা-সংবলিত পতাকা নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২০০টি মোটরসাইকেল দেখা যায়।

Advertisement

সোমবার (২৯ জুন) বিকেলে শহরের তফিউদ্দিন মেমোরিয়াল হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

মিছিলটি দিনাজপুর পৌরশহরের হাসপাতাল মোড়, লিলির মোড়, সরকারি কলেজ মোড় হয়ে বাঁশের হাটে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া মুফতি আবু বকর সিদ্দিক বলেন, ‘আমাদের আজকের বাইক শোডাউনের উদ্দেশ্য ইসলামকে মানুষের সামনে ফুটিয়ে তোলা। কালেমাকে মানুষের অন্তরের মধ্যে গেঁথে দেওয়া। বিশেষ করে বিশ্বকাপ ফুটবলের কারণে মানুষের যে বেহায়াপনা, উন্মাদনা সৃষ্টি হয়েছে এগুলো থেকে মানুষ যেন দূর থাকে। ইসলামের মূল মেসেজ যেন মানুষের কাছে পৌঁছে যায়। মূলত এজন্য আমাদের আজকের এই র‌্যালি।’

আরেক যুবক মানিক হোসেইন বলেন, ‘আমরা অনেকে মাদকাসক্ত হয়ে গেছি। ইসলাম থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। আমাদের মধ্যে কালেমার ভয় নেই, আল্লাহর ভয় নেই। কালেমার ভয় যদি আমরা অন্তরে ধারণ করতে পারি তাহলে হয়তো এই পাপ কাজগুলো থেকে দূরে থাকতে পারব।’

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, একটা র‌্যালি হয়েছে শুনলাম। একটু ব্যস্ত ছিলাম। বিস্তারিত জানি না।

বিষয় :দিনাজপুর