logo

ওসিকে গালাগাল করা বিএনপি নেতা আটক

ওসিকে গালাগাল করা বিএনপি নেতা আটক

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে গালাগাল করার ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় তুষারের বাসা থেকে তাকে আটক করা হয়।

বাহুবল থানার ওসিকে উদ্দেশ করে গালাগাল করার একটি অডিও ক্লিপ শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করে তুষারকে আটক করে। 

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তুষার চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘আমি গত দুই মাসের মধ্যে কোনো দিন ওসিকে ফোনও দিইনি। আমি আমার ম্যানেজারকে গালাগাল করেছি, সেটাকে এডিট করে কেউ ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।’