এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর মতলবে সড়ক সংস্কারের কাজ শুরু

চাঁদপুরের মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের নারায়ণপুর বাজার এলাকায় পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছিল অসংখ্য বড় গর্তের। ফলে প্রতিনিয়ত ঘটছিল ছোট-বড় দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ এই সড়ক দিয়ে যাত্রী ও চালকদের দিনের পর দিন যাতায়াত করতে হচ্ছিল জীবনের ঝুঁকি নিয়ে। সড়কটি যেন পরিনত হয়েছিল এক মৃত্যুফাঁদে।
এদিকে মঙ্গলবার (২৮ জুলাই) রাতে সড়কের এমন বেহাল দশার চিত্র তুলে ধরে অনলাইন পত্রিকা এশিয়া পোস্টে ‘সড়ক নয় যেন মৃত্যুফাঁদ, জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি কর্তৃপক্ষের নজরে এলে পরের দিনই চলাচলের সুবিধার্থে দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ নেয় চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ। এতে স্বস্তি ফিরেছে পথচারী, যাত্রী ও স্থানীয়দের মাঝে।
স্থানীয়রা জানান, নারায়ণপুর সাহা বাড়ির মোড় ও বাসস্ট্যান্ড এলাকার বেশ কয়েকটি স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়। মাঝে মাঝে ইট-সুরকি ফেলে সাময়িক মেরামত করা হলেও বৃষ্টির পানিতে তা ধুয়ে গিয়ে পুনরায় বড় খানাখন্দের সৃষ্টি হতো। ফলে ঝুঁকি নিয়েই চলাচল করছিল বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। ধীরগতির কারণে লেগে থাকত দীর্ঘ যানজট, যার দুর্ভোগ পোহাতে হতো প্রতিদিনের যাত্রীদের।
সংস্কারের পর স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করে জানান, সড়কটি সাময়িক মেরামত করায় আপাতত দুর্ভোগ কমেছে। এজন্য সড়ক বিভাগকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সমস্যাটির একটি টেকসই ও স্থায়ী সমাধানের জোর দাবি জানান তারা।
এ বিষয়ে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস আলী এশিয়া পোস্টকে জানান, আপাতত চলাচলের সুবিধার্থে সড়কটি মেরামত করা হয়েছে। তবে স্থায়ী সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই টেকসই সংস্কারকাজ শুরু করা হবে।
.png)






