logo

বাধার মুখে শহীদ মিনারে ফুল দিতে পারেননি রুমিন ফারহানা

বাধার মুখে শহীদ মিনারে ফুল দিতে পারেননি রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) ও বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সরাইল উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি বাধার মুখে পড়ে ফিরে আসতে বাধ্য হন।

এ ঘটনায় পরে রাত সাড়ে ১২টার দিকে রুমিন ফারহানার সমর্থকরা সরাইল উপজেলার শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এ সময় মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সরাইল উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাত ১১টা ৫০ মিনিটে উপস্থিত হন রুমিন ফারহানা। এ সময় তার সঙ্গে কয়েক শ’ সমর্থক ছিলেন। সমর্থকদের কয়েকজন এ সময় তাকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন রুমিন। এ সময় বিএনপির কিছু নেতাকর্মীকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়।

এদিকে ১২টা ১ মিনিট বাজার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে ফুল দিতে যান তিনি। একই সময়ে ফুল দিতে আসেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির বর্তমান সদস্য আনোয়ার হোসেন মাস্টার। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শহীদ মিনারের আশপাশে হট্টগোলের সৃষ্টি হয়। অনেকেই জুতা পায়ে শহীদ মিনারে উঠে পড়েন। শহীদ মিনারে দেওয়া ফুলও ছিঁড়ে ফেলা হয়।

রুমিন সমর্থকদের অভিযোগ, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে এক দল যুবক মিছিল নিয়ে এসে পরিস্থিতি ঘোলাটে করে। একপর্যায়ে তারা সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শ্রদ্ধা জানাতে বাধা দেয়। পরিস্থিতি ঘোলাটে ও উত্তপ্ত হওয়ায়, ফুল না দিয়েই রুমিন ফারহানা শহীদ মিনার ত্যাগ করেন।

রুমিন ফারহানা স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘পরিকল্পিতভাবে হামলার চেষ্টা হয়েছে। পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এই হামলার চেষ্টা। তবে বিএনপি যদি এখনই মাঠ পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করে, এর পরিণাম ভয়াবহ হবে।’