logo
Advertisement

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ত্রিমুখী সংষর্ষে প্রাণ গেল তিনজনের

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,ফেনী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ত্রিমুখী সংষর্ষে প্রাণ গেল তিনজনের
ঘটনাস্থল থেকে মরদেহ ও আলামত উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: এশিয়া পোস্ট

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ত্রিমুখী সংষর্ষে তিনজন নিহত হয়েছেন। আরও একজন গুরুতর আহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (৪ আগস্ট) সকাল সাতটার দিকে উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাভার্ডভ্যান চালক ও তার সহকারী এবং ইউনিক পরিবহন বাসের চালক। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি কাভার্ডভ্যান যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কে বিকল হয়ে পড়ে। সেটি সরানোর জন্য একটি লং ভেহিক্যাল এসে কাভার্ডভ্যানটি বাঁধছিল। সেই মুহূর্তে ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়।

এতে তিনটি যানবাহনের সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক, তার সহকারী ও ইউনিক বাসের চালক নিহত হন। বাসের এক যাত্রী আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছে।

ফেনীর ফজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান এশিয়া পোস্টকে জানান, গাড়ি তিনটি সরিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।