ঠাকুরগাঁওয়ে প্রাইভেটে যাওয়ার জন্য বের হয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ

এশিয়া পোস্ট নিউজ, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে প্রাইভেটে যাওয়ার জন্য বের হয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ
মানচিত্রে ঠাকুরগাঁও। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই দিনে এক স্কুলের চার ছাত্রী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাদের স্বজনরা।

Advertisement

বুধবার (১ জুলাই) বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার সকালে একসঙ্গে প্রাইভেট পড়তে বের হয়েছিল চার স্কুলছাত্রী। রাত পর্যন্ত পরিবার তাদের খোঁজ না পেয়ে থানায় জানায়। তাদের মধ্যে তিনজন দশম ও একজন অস্টম শ্রেণির ছাত্রী।

এক ছাত্রীর বাবা জানান, মঙ্গলবার সকাল ৬টার সময় বাড়ি থেকে চারজন একসঙ্গে প্রাইভেট পড়তে বের হয়। রাত পর্যন্ত তারা বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। স্কুল ও প্রাইভেটে খোঁজ নিয়ে জানা যায় তারা কোথাও যায়নি। সবার স্বজনদের বাসায় খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম বলেন, নিখোঁজ চার স্কুলছাত্রীর পরিবার রাতে থানায় এসেছিল। তারা জিডি করেছেন। ছাত্রীদের উদ্ধারের পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।