logo

সুনামগঞ্জের ৫ আসনেই বিএনপি প্রার্থীদের জয়

সুনামগঞ্জের ৫ আসনেই বিএনপি প্রার্থীদের জয়

সুনামগঞ্জের পাঁচ সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে বিএনপি প্রার্থীরা জয় পেয়েছেন। প্রতিটি আসনেই বিএনপি প্রার্থীদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সুনামগঞ্জ ১ আসন
জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৩ হাজার ৭৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের আমির তোফায়েল আহমেদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ১৭৬ ভোট।

সুনামগঞ্জ-২ আসন
দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে সুনামগঞ্জ-২ আসনে সাবেক সংসদ সদস্য মো. নাছির চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৭৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

জামায়াতের প্রার্থী মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৮৫৮ ভোট।
ফল ঘোষণার পর মোহাম্মদ শিশির মনির সামাজিক যোগাযোগমাধ্যমে নাছির চৌধুরীকে অভিনন্দন জানান।

সুনামগঞ্জ-৩ আসন
জগন্নাথপুর ও শান্তিগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ ধানের শীষ প্রতীকে ৯৬ হাজার ৬৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন। তিনি তালা প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৭০৩ ভোট।

সুনামগঞ্জ-৪ আসন
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর নিয়ে সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৫৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অ্যাডভোকেট মো. শামছ উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ১৮ ভোট।

সুনামগঞ্জ-৫ আসন
ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫২ হাজার ৯৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

জামায়াত প্রার্থী আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট।

জেলা নির্বাচন কার্যালয় জানিয়েছে, সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৮০ হাজার ৩৩৫ জন। ৭২০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি ফল অনুযায়ী, জেলার সবকটি আসনেই বিএনপি প্রার্থীরা এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন। তবে চূড়ান্ত ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।