logo

সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, ইউএনও কার্যালয়ে তালা এনসিপির

সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, ইউএনও কার্যালয়ে তালা এনসিপির
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ-সমাবেশ করেন এনসিপির নেতাকর্মীরা। ছবি: এশিয়া পোস্ট

সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে রাজশাহীর গোদাগাড়ীতে বিক্ষোভ-সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রধান ফটকে তালা দেন দলটির নেতাকর্মীরা। পরে প্রায় দেড় ঘণ্টা পর তালা খুলে দেওয়া হয়।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ-সমাবেশে বক্তব্য দেন রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমান, গোদাগাড়ী উপজেলা শাখার আহ্বায়ক জিয়াউর রহমান, সদস্য সচিব আব্দুল আলীম, পৌর শাখার আহ্বায়ক আব্দুর রহিম ও সদস্য সচিব মোফাজ্জল হোসাইনসহ অন্য নেতারা।

সমাবেশে এনসিপির নেতারা অভিযোগ করেন, সার ডিলার নিয়োগে প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। বরং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। বিএনপি ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততাকে যোগ্যতার মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়েছে বলে দাবি করেন তারা।

রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমান এশিয়া পোস্টকে জানান, সার ডিলার নিয়োগে কোনো যোগ্যতা বিবেচনা করা হয়নি। নির্লজ্জভাবে দলীয়করণ করা হয়েছে। বিএনপি ও এর সহযোগী সংগঠন করার বিষয়টিই একমাত্র যোগ্যতা হিসেবে বিবেচিত হয়েছে। এ অনিয়মের প্রতিবাদে তারা ইউএনওর কাছে অভিযোগ জানিয়েছেন।

তিনি আরও জানান, ইউএনও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন। অনিয়মের মাধ্যমে দেওয়া নিয়োগ বাতিল করা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা। কর্মসূচি চলাকালে ইউএনও ইসরাত জাহান কার্যালয়ে উপস্থিত ছিলেন না। পরে তিনি সেখানে এসে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এরপর প্রায় দেড় ঘণ্টা পর কার্যালয়ের প্রধান ফটকের তালা খুলে দেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে ইউএনও ইসরাত জাহান ও রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামকে কয়েক দফা ফোন করা হলেও ফোন রিসিভ হয়নি।