শ্যামনগরে বেড়িবাঁধে ফাটল, আতঙ্কে এলাকাবাসী

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চাউলখোলা গ্রামে বেড়িবাঁধে আকস্মিক ফাটল দেখা দিয়েছে। এতে বাঁধ ভেঙে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সংস্কার ও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাউলখোলা গ্রামের বেড়িবাঁধটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বাঁধের একটি অংশে নতুন করে ফাটল দেখা দিয়েছে। জোয়ারের পানি ও অতিবৃষ্টির সময় ফাটল আরও বিস্তৃত হয়ে বাঁধ ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে বসতবাড়ি, কৃষিজমি ও মানুষের জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী হয়নি। অনেক ক্ষেত্রে সাময়িকভাবে মাটি ফেলে সংস্কার করা হয়েছে। কিন্তু কিছুদিন পর আবারও বাঁধের বিভিন্ন অংশে দুর্বলতা দেখা দিয়েছে। তাদের দাবি, সাময়িক সংস্কারের পরিবর্তে পরিকল্পিত ও টেকসইভাবে বেড়িবাঁধ পুনর্নির্মাণ করা প্রয়োজন।
ফাটলের বিষয়টি জানার পর স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের অবহিত করেন এলাকাবাসী। পরে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ ইউপি সদস্য ও স্থানীয়দের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত বাঁধের অংশ পরিদর্শন করেন।
চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত স্থানে জিও ব্যাগ ও জিও টেক্সটাইল রোল ব্যবহারের মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে স্থায়ী সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।